গাইবান্ধা জেলার সাদুল্যাপুরে গলায় শাড়ী পেঁচিয়ে আয়শা আক্তার সুমনা(১৫)নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।
উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালান পাড়ার লাজু মণ্ডলের বাসায় শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
রাত সাড়ে ৮ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
আয়শা আক্তার সুমনা দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার আমিনুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, সুমনার মা শিউলি বেগম পেশায় একজন নর্তকী। কয়েকটি মিউজিক ও ড্যান্স একাডেমির ব্যানারে বিভিন্ন অনুষ্ঠানে তিনি নাচ-গান করেন। শিউলি বেগম তার প্রথম স্বামী আমিনুলের মেয়ে সুমনা ও দ্বিতীয় স্বামী মালেককে নিয়ে লাজু মণ্ডলের বাসায় ভাড়া থাকেন।
শনিবার বিকেলে ঘরের তীরের(ধরনা)সঙ্গে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে সুমনা। পরে পরিবারের লোকজন সুমনাকে মৃত ঝুলতে দেখে ধাপেরহাট পুলিশকে খবর দেয়।
পুলিশ তদন্ত ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই)মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়, মোস্তাফিজুর রহমান জানান, এক তরুণের সঙ্গে সুমনার সম্পর্ক ছিল বলে জানা গেছে। তবে এ ঘটনায় কে বা কারা জড়িত তার জন্য তদন্ত চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় সুমনার মা শিউলি বেগম বাদী হয়ে সাদুল্যাপুর থানায় অপমৃত্যুর মামলা করেছেন বলে নিশ্চিত করেন তিনি।
এমএ





