ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে বাকৃবি ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবুকে হত্যা চেষ্টার ঘটনায় ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনসহ ২০ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি আব্দুল হাকিম বাদী হয়ে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করেন। বাকৃবি ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবু ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে এ মামলার প্রধান সাক্ষী করা হয়েছে।
এ মামলার আইনজীবি অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু বলেন, ক্যাম্পাসে বাবুর আত্মীয়ের বাসা ভাংচুর, লুটপাট ও মোটরসাইকেল পোড়ানো আর তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে গুরুতর জখম করার অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে। আদালত ৭ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্র জানায়, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাকৃবি ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে বাকৃবি ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবুকে দীর্ঘদিন ধরে ওই পক্ষটি হত্যার চেষ্টায় লিপ্ত ছিল।
গত ৭ জুলাই বাকৃবি আবাসিক এলাকায় ইফতার করতে গেলে জসিমের নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে ও কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা ওই বাসার মূল্যবান জিনিসপত্র ভাংচুর ও তছনছ করে এবং বাকৃবি ছাত্রলীগ সভাপতির মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
এআই/





