নওগাঁর রাণীনগরে ট্রাক্টরের ধাক্কায় তাসকিয়া আক্তার (১৪) নামে এক নবম শ্রেণীর স্কুল ছাত্রী নিহত হয়েছে। এ সময় ওই ছাত্রীর সাথে থাকা মমতাজ খাতুন (১৪) ও সুমি আক্তার (১৫) নামে আরো দুইজন স্কুল ছাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার আবাদপুকুর-আদমদীঘি রাস্তার বগারবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত স্কুল ছাত্রী তাসকিয়া উপজেলার কামতা জগতপুর গ্রামের উজ্জল হোসেনের মেয়ে এবং আহত মমতাজ কামতা গ্রামের হাসেম আলীর মেয়ে ও সুমি একই গ্রামের মকলেছার রহমানের মেয়ে। নিহত এবং আহতরা সবাই কামতা এসএম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। আহতদের আদমদীঘি একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, তাসকিয়া আক্তার, মমতাজ খাতুন এবং সুমি আক্তার বিকেল ৪টা নাগাদ বগারবাড়ি বাজার এলাকায় থেকে প্রাইভেট পড়ে বাড়ি যাচ্ছিলো। এ সময় বিপরিত দিক থেকে ইট বোঝাই একটি ট্রাক্টর এসে স্বজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাসকিয়া মারা যায়। ও তার সাথে থাকা মমতাজ ও সুমি গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে আহত দু’জনকে উদ্ধার করে আদমদীঘি একটি ক্লিনিকে ভর্তি করে দেয়। এ সময় ট্রাক্টর চালক পালিয়ে যায়। ট্রাক্টরটি স্থানীয় লোকজন আটক করে।
এ ব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক্টর চালক পালিয়ে যাওযায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ট্রাক্টরটি আটক করা হয়েছে।
আওরঙ্গজেব/এসএম





