বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই ভারত সফর করতে পারবেন-সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এমন খবরকে ভিত্তিহীন বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার বিকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দীন ঢাকায় এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন।
তিনি বলেন, ভিসা ছাড়া বাংলাদেশের নাগরিকরা ভারত যেতে পারবে অথবা ভারতে পৌছার পর ওন এ্যরাইভ্যাল ভিসা পাবেন-এমন কোনো সিদ্ধান্ত ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে জানানো হয়নি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তবে ভিসা প্রদান প্রক্রিয়া আরও সহজ করার বিষয়ে ভারত বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তাছাড়া বাংলাদেশী নাগরিকদের এক বছর থেকে পাঁচ বছরের মাল্টিপল ট্যুরিষ্ট ভিসা প্রদানের বিষয়ে ভারত চিন্তা-ভাবনা করছে।
নূর হোসেন ভারত পালিয়ে যাওয়া এবং সেখানে আটক প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো সন্ত্রাসীকেই ভারত আটকে রাখার পক্ষে নয়। বাংলাদেশের যে কোনো সন্ত্রাসীকে ভারত ফেরত পাঠাবে।
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বাংলাদেশের সফরকে সফল উল্লেখ করে সৈয়দ আকবর উদ্দীন বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে অনেক ইতিবাচক আলোচনা হয়েছে। তিস্তা চুক্তিসহ দুই দেশের অমিমাংশিত অনকে ইস্যুতে ইতিবাচক আলোচনা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে নয়, ভারতের বর্তমান সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে সুসম্পর্ক রাখবে।
ঢাকা, কেবি, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম) //জেএ





