দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনায় আসামি রবিউল ইসলামের আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

জানা গেছে, রবিউল ইসলাম মালি পদে কাজ করতেন।

৬ দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রবিউলকে দিনাজপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

পর্যাপ্ত তথ্য না দেওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য সন্ধ্যায় আরও ৭দিনের রিমান্ড আবেদন জানানো হলে দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৭ এর বিচারক আনজুমান আরা ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১২ সেপ্টেম্বর রবিউলকে ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়। ১৭ সেপ্টেম্বর তার রিমান্ড শেষ হয়। সন্ধ্যায় আরও ৭দিনের রিমান্ডের আবেদন জানানো হলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা গেছে, বৃহস্পতিবার বিচারকের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা ছিল রবিউলের। কিন্তু তিনি বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দেওয়ায় তাকে তদন্তকারী কর্মকর্তা ৭দিনের রিমান্ডের আবেদন জানালে ৩দিনের রিমান্ড মঞ্জুর হয়।

উল্লেখ্য, গত ০২ সেপ্টেম্বর (বুধবার) দিবাগত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে প্রবেশ করে। হত্যার উদ্দেশ্যে তারা ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে সকালে আহত বাবা-মেয়েকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে ইউএনও ওয়াহিদাকে বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। তিনি এখন ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন।

এমবি