ময়মনসিংহে শিশু সাদ্দাম (১১) নির্যাতনের ঘটনায় জড়িত আব্দুল আজিজ (৪৫), রফিকুল ইসলাম (৩৫), আজিজুল ইসলাম (৩৫) নামে তিন নির্যাতনকারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে নগরীর ভাটিকেশর, জে.সি গুহ রোড ও সদর উপজেলার মাইজবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিশু সাদ্দামকে নির্যাতনের ভিডিওচিত্র দেখে জড়িতদের সনাক্ত করার পর তাদেরকে আটক করা হয়েছে।

এদিকে এই ঘটনার মূল হোতা শহরের ১৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি সফিরউদ্দিন সরুকে আটকের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান ওসি।

প্রসঙ্গত, গত বুধবার দুপুরে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে শিশু সাদ্দামকে লাঠিপেটাসহ অমানুষিক নির্যাতন চালায় ওই আওয়ামী লীগ নেতা। এসময় স্থানীয় আরও কয়েক ব্যক্তি তাকে মারতে উৎসাহ প্রদান করে।

পরে নির্যাতনের ভিডিওটি ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠে।

বৃহস্পতিবার রাতে নির্যাতনের শিকার শিশুটির মা পারভীন আক্তার বাদী হয়ে অজ্ঞাত চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এমই/এসএম