মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার উত্তর শশিকর গ্রামে বিশ্বাস বাড়ি বড় খালের ওপর একটি ব্রিজ নির্মাণের দাবি থাকলেও ৪০ বছরেও তা সম্ভব হয়নি। দীর্ঘদিনেও ব্রিজটি না হওয়ায় খালটি পারাপারে প্রতিদিন ১০ গ্রামের মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালকিনির উত্তর শশিকর গ্রামের বিশ্বাসবাড়ির পাশ দিয়ে বয়ে গেছে একটি বড় খাল। খালের ওপর রয়েছে একটি বড় সাঁকো। যা পারাপারে গ্রামের স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী এবং ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন।
ব্রিজটি নির্মিত হলে শশিকর, নবগ্রাম, কাজীবাকাই, উত্তর শশিকরসহ প্রায় ১০ গ্রামের মানুষ ডাসার থানা, কালকিনি উপজেলা, মাদারীপুর জেলা, পার্শ্ববর্তী গোপলগঞ্জ জেলা, শেখ হাসিনা উইমেন্স কলেজ, ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী স্কুল অ্যান্ড কলেজ, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ, শশিকর স্কুল অ্যান্ড কলেজ, ডাসার মাদ্রাসা, শশিকর হাটসহ রাজধানী ঢাকায় যাতায়াত করতে পারত নির্বিঘ্নে।
এলাকার স্থানীয় বাসিন্দা মজনু বালা, শংকর রায় ও স্বপন বাড়ৈ সাঁকো পারাপারের সময় ক্ষোভের সঙ্গে বলেন, "ভোটের সময় নেতারা ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়ে আমাদের প্রতিশ্রুতি দেয় আর আমরা বিশ্বাস করে ভোট দেই। কিন্তু ভোট গেলে তাদের আর দেখা পাই না। ফলে দুর্ভোগ হয় আমাদের নিত্যসঙ্গী। যোগাযোগব্যবস্থা ভালো থাকলে এ অঞ্চলের মানুষের দরিদ্রতা ঘুঁচিয়ে জীবনযাত্রার মান বেড়ে যেত বলে আমরা বিশ্বাস করি।"
এ ব্যাপারে মাদারীপুর জেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী নির্মল কুমার বিশ্বাস জানান, "ওই খালের ওপর সেতু নির্মাণের কোনো প্রকল্প বা প্রকল্প প্রস্তাব পাওয়া যায়নি। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রকল্পের প্রস্তাব পাওয়া গেলে গুরুত্বপূর্ণ ওই স্থানটিতে ব্রিজ নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





