বাড়ির ছাদ নোংরা থাকায় এবং এডিস মশার লার্ভা পাওয়ায় গুলশানের এক বাড়িওয়ালাকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বাড়ির কেয়ারটেকারকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে এই জরিমানা করা হয়। জানান, গুলশান-২ এর ৪৪ নং রোডের প্লট নং এন ডাব্লিউ বি ২৮ (১১৯) নং বাড়ির ছাদে অভিযান চালিয়ে প্রচুর এডিস মশার লার্ভা এবং এডিস মশা বংশবিস্তারের অনুকূল পরিবেশ পাওয়া যায়।

বাড়িটির ছাদের পরিবেশ ছিল অত্যন্ত নোংরা। সেখানে পানি জমে থাকা প্রচুর মাটির পাত্র, ছাদে এবং ড্রেনে জমে থাকা পানি, আগাছার জঙ্গল, পরিত্যক্ত খোলা টিন, কমোড ইত্যাদি পাওয়া যায়।

এ সব স্থানে প্রচুর এডিস মশার লার্ভা পাওয়া যায়। এ সব অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার বাড়ির মালিককে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করেন। এছাড়া বাড়ির কেয়ারটেকার আওলাদ হোসেনকে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

উল্লেখ্য, ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন জায়গায় এডিস মশার লার্ভা দমনে অভিযান পরিচালনা করে আসছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে সিটি করপোরেশন থেকে জানানো হয়েছে।

এএস