আমেরিকারও বাংলাদেশের নির্বাচন থেকে শেখার আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
রাজধানীর উত্তরার আই ই এস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভোটদান শেষে সিইসি বলেন, আমেরিকারও বাংলাদেশের নির্বাচন থেকে শেখার আছে। সেখানে তারা ৪/৫ দিনেও নির্বাচনের ফলাফল ঘোষণা করতে পারে না। বাংলাদেশ আমরা ইভিএমের মাধ্যমে চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই ভোট গণনা শেষ করতে পারি।
আজ (১২ নভেম্বর) বৃহস্পতিবার ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এইসব কথা বলেন।
বিএনপির অভিযোগ ভিত্তিহীন জানিয়ে নুরুল হুদা বলেন, আমি সকাল থেকে প্রিজাইডিং অফিসার এবং কন্ট্রোল রুম এর মাধ্যমে খোঁজখবর নিয়েছি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা নির্বাচন পরিপন্থী কোনো ঘটনা ঘটেনি।
ইসি সূত্র জানায়, ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটির ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ২১৭টি ও ভোটকক্ষের সংখ্যা ১ হাজার ৩৫৩টি। মোট ভোটার ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৬ হাজার ১৩৫ জন।
ঢাকা-১৮ আসনে প্রতিদ্বন্ধিতা করছেন ৬ জন। এরা হলেন- আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির এসএম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির মো: নাসির উদ্দিন সরকার, বাংলাদেশ কংগ্রেসের মো: ওমর ফারুক, গণফ্রন্টের কাজী মো: শহীদুল্লাহ ও পিডিপির মো: মহিববুল্লা বাহার।
অপরদিকে, সিরাজগঞ্জের কাজীপুর, সদরের একাংশ ও একটি পৌরসভা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-১ আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৬০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬৪১ জন এবং নারী ভোটার ১ লাখ ৭৩ হাজার ৯৬২ জন। ১৬৮টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সিরাজগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী তানভীর শাকিল জয় ও বিএনপির প্রার্থী মো: সেলিম রেজা প্রতিদ্বন্ধিতা করছেন।
এমবি





