সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে আপিল বিভাগের পূণার্ঙ্গ রায় ও পর্যবেক্ষণে সংবিধান পরিপন্থী কোনো বিষয় আছে কি না তা আরো ভালো করে খতিয়ে দেখে এ বিষয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের সভাপতিমণ্ডলী ও সম্পাদকমণ্ডলীর নেতাদের সঙ্গে এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগের দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় উপস্থিত একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রমতে, ষোড়শ সংশোধনী বাতিল করে আদালতের দেয়া রায়ের চুলচেরা বিশ্লেষণ করে সংবিধান অবমাননার কোনো বিষয় থাকলে, সে বিষয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আগামী নির্বাচনে বিএনপির অংশ নেওয়া না নেওয়ার প্রসঙ্গেও সভায় আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বিএনপি নির্বাচনে আসবে এটা ধরেই আমাদের প্রস্তুতি নিতে হবে। তাছাড়া বিএনপি নির্বাচনে না আসলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না এই ধারণাও পাল্টাতে হবে। বিএনপির একক নির্বাচন বয়কটে কিছু আসবে-যাবে না। নিবন্ধিত রাজনৈতিক দল আরো অনেক আছে।
সভায় সভাপতিমণ্ডলীল সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, নির্বাচন নিয়ে অনেকেই অনেক কথা বলে। কিন্তু আমাদের আত্মবিশ্বাসী থাকতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবার ক্ষমতায় আসব। শেখ হাসিনা এমন কিছু করেন নাই যে আমরা ক্ষমতায় আসতে পারব না।
এমএনজে





