লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইউছুফ নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন বলে পুলিশ দাবী করেছে। এসময় পুলিশের চার সদস্য আহত হয়েছেন বলে জানায় পুলিশ।
মঙ্গলবার দিনগত রাতে ওই উপজেলার বশিকপুর গ্রামের মোল্লা বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
নিহত ইউছুফ বশিকপুর ইউনিয়নের আলী আকবরের ছেলে। তিনি সন্ত্রাসী লাদেন মাসুম বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন।
আহত পুলিশ সদস্যরা হলেন, উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর, রাজীব কর, কনস্টেবল মুসলিম ও শ্রাবণ। আহত পুলিশ সদস্যদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহত ইউছুফের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ৯ মামলা রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এমবি





