রংপুরের মিঠাপুকুরে বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় মামলার এজাহারভুক্ত আরেক আসামিকে রোববার দিবাগত রাতে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতার অন্যান্য মামলার আরও তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মিঠাপুকুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ও বাসে পেট্রলবোমা হামলার এজাহারভুক্ত আসামি সাফায়েত হোসেন, উপজেলার বালারহাট ইউনিয়ন জামায়াতের সভাপতি নূরুন্নবী, কাফ্রিখাল ইউনিয়ন জামায়াতের কর্মী আনোয়ারুল ইসলাম ও সামাদ।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, গতকাল দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে এই চারজনকে গ্রেফতার করা হয়। তাঁরা পলাতক ছিলেন। তাঁদের গ্রেফতারের পর আজ সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাফায়েত হোসেনসহ বাসে পেট্রলবোমা হামলার মামলায় এ পর্যন্ত ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি মধ্যরাতে মিঠাপুকুরের বাতাসন ফতেপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে চলন্ত বাসে পেট্রলবোমায় দগ্ধ হয়ে পাঁচজন মারা যান।

এমকে