রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১১টায় নগরীর আলুপট্টির মোড়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রার আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মিজানউদ্দিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, আদিবাসীদের আদিবাসী হিসেবেই স্বীকৃতি প্রদান করতে হবে। সেসঙ্গে আদিবাসী শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ প্রদান করা হবে বলে আশ্বাস প্রদান করেন তিনি। পরে রাবি উপাচার্যের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনগ্রসর উন্নয়ন সংস্থার (আসুস) আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আসুসের নির্বাহী পরিচালক রাজকুমার শাও।

প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সারোয়ার জাহান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী ও রাবি ছাত্র উপদেষ্টা ড. ছাদেকুল আরেফিন।

সভায় অক্সফামের প্রজেক্ট অফিসার উজ্জল আজিম, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, প্রেসিডিয়াম সদস্য অনিল মারান্ডি, মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকার, সাংবাদিক অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান খান ও সম্মিলিত আদিবাসী নারী জোটের সভাপতি কল্পনা তির্কী বক্তব্য রাখেন।

ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই