রাজধানীর পুরান ঢাকায় কবি নজরুল সরকারি কলেজ ভোটকেন্দ্রে ছাত্রলীগের দু’গ্রুপের তুমুল সংঘর্ষ হয়েছে। এতে ছাত্রলীগের এক পক্ষের হাতে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী হাজী মুহাম্মদ সেলিম অবরুদ্ধ রয়েছেন।

কেন্দ্র দখলে নিয়েছে ছাত্রলীগের এক পক্ষ। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

জানা গেছে, আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ইআর মাহমুদের (ঘুড়ি) পক্ষে ছাত্রলীগের এক পক্ষ কাজ করছে। আরেকটি পক্ষ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাজী মুহাম্মদ সেলিমের পক্ষে অবস্থান নেয়।

দুপুর ১২টার দিকে তাদের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে কেন্দ্রের নিয়ন্ত্রণ নেয় ইআর মাহমুদের পক্ষে ছাত্রলীগ নেতাকর্মীরা।

অবরুদ্ধ করা হয় কাউন্সিলর প্রার্থী হাজী মুহাম্মদ সেলিমকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কবি নজরুল কলেজ ছাত্রলীগের সেক্রেটারি রাকিবুল ইসলাম বলেন, হাজী মুহাম্মদ সেলিম আওয়ামী লীগের প্রার্থী না, সে বিএনপির প্রার্থী। তার সমর্থকরা কেন্দ্র দখল করতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিহত করেছে মাত্র।

তবে সংঘর্ষের বিষয়টি অস্বীকার করে সুত্রাপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) খলিলুর রহমান বলেন, ভোটকেন্দ্রে কোনো ঝামেলা হয়নি।

কেএইচ