ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিকরা। বাস ও মাহেন্দ্র শ্রমিকদের দ্বন্দ্বের জের ধরে এ ধর্মঘটের ডাক দেয় তারা।

সোমবার সকাল ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।

ফরিদপুর বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ নাসির জানান, ফরিদপুর থেকে দৌলতদিয়াগামী আর এম পরিবহনের একটি বাস রাজবাড়ী রাস্তার মোড় থেকে যাত্রী তুলতে গেলে মাহেন্দ্র শ্রমিকদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে মাহেন্দ্র চালক মিলন ও কামাল বাসের চালক শহিদুল ও হেলপার আজিজুলকে মারপিট করে।

ঘটনাটি শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে তারা ফরিদপুর থেকে বাস চলাচল বন্ধ করে দেয়।

এ বিষয়ে ফরিদপুরের এনডিসি মনদীপ ঘরাই জানান, উভয়পক্ষের সঙ্গে আলাপ আলোচনা চলছে। কয়েক ঘণ্টার মধ্যেই বিষয়টির সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ