মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঊর্দ্বগতির মধ্যেই রাজধানী ঢাকার আশপাশের ৭ জেলায় লকডাউন ঘোষণা করেছে সরকার। প্রয়োজনে লকডাউন এলাকা বাড়ানো হবে, এমন ইঙ্গিতও দিয়ে রেখেছেন মন্ত্রিপরিষদ সচিব।
করোনায় সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় সারাদেশে আবারও লকডাউন ঘোষণা হতে পারে কি-না? এমন প্রশ্নে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে আপাতত লকডাউন নয়। তবে পরিস্থিতি যদি নাজুক হয় এবং প্রতিটি জেলায় যদি সংক্রমণ ২০ শতাংশের ওপরে চলে যায়, তাহলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বুধবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদফতর আয়োজিত নিয়মিত করোনা বুলেটিনে এই কথা জানিয়েছেন অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন।
তিনি বলেন, আমরা আপাতত ঢাকার পার্শ্ববর্তী ৭ জেলার সংক্রমণ পরিস্থিতি দেখছি। যদি সেগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারি এবং ঢাকার পরিস্থিতি নাজুক হয় তাহলে শুরুতে ঢাকাকে লকডাউনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, মঙ্গলবার থেকে আগামী ৩০ জুন পর্যন্ত ঢাকার পার্শ্ববর্তী মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জে লকডাউন ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ফলে এসব এলাকার কোনো গণপরিবহণ ঢাকায় প্রবেশ করতে পারছে না।
এমবি





