র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের পদত্যাগ এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী।
র‌্যাব মহাপরিচালককে উদ্দেশ করে তিনি বলেন, ‘গুলশানে জঙ্গি অভিযানে ব্যর্থ হলেন। কল্যাণপুরে ৫-৬ জন জঙ্গিকে জীবিত ধরতে না পেরে জনগণের মনে সন্দেহ সৃষ্টি করেছেন তাই আপনার পদত্যাগ এখন সময়ের দাবি।
জঙ্গি হামলাসহ-সাম্প্রতিককালে দেশে ঘটে যাওয়া সমস্ত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে জাফরুল্লাহ বলেন, ‘আমরা দেখতে চাই সকল ঘটনার বিচার বিভাগীয় তদন্ত। জনগণ জানতে চায় দুর্নীতিবাজ বনানী থানার ওসি সালাউদ্দীন গুলশানে কেন? সেখানেও কি তিনি মিষ্টির গন্ধ পেয়ে ছিলেন।’


তিনি বলেন, ‘সরকার জামায়াতকে রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহার করছে। তাদেরকে নিষিদ্ধ করলেই পারে। দেশের এই দুর্যোগ মুহূর্তে আমাদেরকে ভেবে দেখতে হবে জঙ্গিবাদকেও সরকার রাজনৈতিক কার্ড হিসাবে ব্যবহার করছে কি না?’


তিনি আরো বলেন, ‘জঙ্গিবাদের মত ভারতীয় প্রশাসন আমাদের সীমান্তে প্রতি সপ্তাহে রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে। আমাদের দেশের মাটিকে কেড়ে নেয়ার চেষ্টা অব্যাহত রেখেছে।’


গুম, খুন, গুপ্ত হত্যা ও ক্রসফায়ার বন্ধ না হলে জঙ্গি দমন সম্পূর্ণভাবে সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।


কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন- সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আসিফ নজরুল, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বীর প্রতীক, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান ও ইসলামী ঐক্যজোটের নেতা মেজবাহুর রহমান প্রমুখ।

 

এমবিএইচ