ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা পরিদর্শক বিকাশ চন্দ্র দাস ও প্রকৌশলী আব্দুল মাজেদসহ কর্মকর্তা কর্মচারীদের উপর পুলিশি নির্যাতনের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীরা।
সোমবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত মানববন্ধন থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়। একই সাথে হামলাকারীদের চাকুরিচ্যুত ও গ্রেফতারের দাবি জানানো হয়।
তিন দিনের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীগণ লাগাতার র্কর্মবিরতি, ময়লা অপসরণ বন্ধ ও বাস্তার বাতি জ্বালানো বন্ধ এবং থানা ঘেরাওসহ বৃহত্তর কর্মসূচি দেবেন বলে হুশিয়ারি দেওয়া হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা পরিদর্শক বিকাশ চন্দ্র দাসের উপর নির্যাতন চালায় যাত্রাবাড়ি থানার এস আই আকাশ ও ওই সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা।
আগামী তিনদিনের মধ্যে ওই নির্যাতনকারীদের চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
কর্মস্থলে নির্বিঘ্নে দায়িত্ব পালনের নিশ্চয়তা দাবি করে বক্তরা আরো বলেন, মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ- এই কথার জবাব চাই।
সরকারি কর্মকর্তা কর্মচারিদের উপর পুলিশি নির্যাতন বন্ধ করতে হবে। নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে এ ধরনের ঘটনা আর কখনো না ঘটে।
বক্তারা অভিযোগ করেন, পরিচ্ছন্নতা কর্মীরা দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে ছিনতাইকারীর কবলে পড়লেও কখনো যাত্রাবাড়ি থানা থেকে কোন ধরনের সহযোগিতা পাওয়া যায় নি। উল্টো আরো পুলিশের নির্যাতনের শিকার হতে হয়েছে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের আহবায়ক আক্তার হোসেন দেওয়ান।
বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী লীগের সভাপতি মিজানুর রহমান ভূইয়া, সাধারন সম্পাদক মো. ইব্রাহিম, পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো.শাহীন আলম।
এমকে





