মাদারীপুরের কালকিনিতে জ্বর ও গলাব্যথা নিয়ে একজনের মৃত্যু হয়েছে।

আজ (০৫ এপ্রিল) রোববার ভোরে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চরআলিমাবাদ গ্রামে তার মৃত্যু হয়।

আবদুস সালাম ফকির (৪৮) চরআলিমাবাদ গ্রামে সদর আলী ফকিরের ছেলে।

কয়ারিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার শহিদুল ইসলাম জানান, ভোরে কালকিনি থানার ওসি আমাকে ফোন দিয়ে আমার ওয়ার্ডে একজনের মৃত্যু সংবাদ দিয়ে ঘটনাস্থলে যাওয়ার কথা বলেন। আমি সেখানে গিয়ে সালামের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পারি, বিকেলে তিনি বাড়ির পাশে দোকানে গিয়েছিলেন। সন্ধ্যার কিছুক্ষণ পর বাড়ি আসলে শরীরের জ্বর ও গলা ফুলে যায়। এসময় তারা স্থানীয় একজন চিকিৎসকে ডেকে আনলে তিনি কিছু ওষুধ দেন। পরবর্তীতে ভোরে সালাম মারা যান।

কালকিনি থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, ভোরে কালকিনির কয়ারিয়া ইউনিয়নে জ্বর নিয়ে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়ে আমি সেই ওয়ার্ডের মেম্বারকে ঘটনাস্থলে পাঠাই। সকালে কালকিনি থানার একটি টিম মৃত ব্যক্তির বাড়িতে গেছে। মৃত সালাম ফকির কি কারণে মারা গেছে তা চিকিৎসকরা নির্ধারণ করবেন।

এমবি