নোয়াখালীর বেগমগঞ্জে ইটের ট্রাক্টরের নিচে চাপা পড়ে মো: পারভেজ (২৭) নামে এক হেলপার নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার নাজিরপুর গ্রামের শাহ আলম চেয়ারম্যানের বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
মো: পারভেজ উপজেলার ১৬ নম্বর কাদিরপুর ইউনিয়নের মৃত আবুল কাশেমের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে ইট বোঝাই একটি ট্রাক্টর চৌমুহনী পৌরসভার নাজিরপুর এলাকার শাহ আলম চেয়ারম্যানের বাড়ির সামনে উল্টে যায়। এসময় ইটের নীচে চাপা পড়ে ট্রাক্টরের হেলপার পারভেজ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কারুজ্জামান সিকাদার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





