পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার কাশিনাথপুর এলাকায় বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ দু’জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্ততঃ পাঁচজন।

বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালক আব্দুর রাজ্জাক (৩০) বেড়া উপজেলার আমিনপুর থানার সৈয়দপুর গ্রামের মগরেব প্রামাণিকের ছেলে। অপরজনের নাম জানা যায়নি।

আমিনপুর থানার ওসি জসিম উদ্দিন জানান, সকালে সোলা পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস পাবনা থেকে ময়মনসিংহ যাচ্ছিল। বাসটি বেড়া উপজেলার কাশিনাথপুর বাজার মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে দাঁড়িয়ে থাকা তিনটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাজ্জাক নামে এক চালকের মৃত্যু হয় এবং আহত হয় আরও দুই চালকসহ ছয়জন।

আহতদের মধ্যে নজরুল ইসলাম (৫৫), আক্কাস আলী (৫০), আশরাফুল ইসলাম আশু (৩০), সাইদুল ইসলাম (২০) ও রবিউল ইসলামকে (১৭) বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. কার্তিক চন্দ্র সাহা জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে অজ্ঞাত পরিচয় (২৮) এক অটোরিকশা যাত্রী মারা যান।

ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ