ইসলামাবাদে সার্ক শীর্ষ সম্মেলন নিয়ে ভারত পাকিস্তান কর্মকর্তরা টুইট-টুইট খেলায় মেতে উঠেছেন। টুইটারই যেন হয়ে উঠছে অফিসিয়াল বক্তব্য দেয়ার মাধ্যম। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের টুইট বার্তায় সম্মেলনে যোগ দিবেনা বলে জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশও সম্মেলনে না যাওয়ার ঘোষণা দিয়েছে।

অন্যদিকে আফগানিস্তান,ভুটানও সম্মেলনে যাচ্ছে না। ফলে আগামী ৯ ও ১০ নভেম্বর ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত হয়ে গেল।

বাংলাদেশের যোগ দিতে না পারার বিষয়টি সার্কের বর্তমান সভাপতি দেশ নেপালকে জানিয়ে দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সেনা ব্রিগেডে সন্ত্রাসী হামলায় ভারত ও পাকিস্তানের টানাপোড়েনের জের ধরে শীর্ষ সম্মেলন স্থগিত হয়ে গেল বলে মনে করা হচ্ছে।

গতকাল সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ তাঁর টুইট বার্তায় লেখেন, আঞ্চলিক সহযোগিতা ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলন থেকে সরে দাঁড়াল ভারত।

সার্ক সনদ অনুযায়ী দক্ষিণ এশিয়ার আট জাতির এ জোটের সব সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নিতে হয়। অর্থাৎ, কোনো বিষয়ে একটি দেশের আপত্তি থাকলে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায় না। কাজেই বাংলাদেশ, ভারতসহ চার দেশ না যাওয়ায় কার্যত সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত হয়ে গেল।

এদিকে ভারতের গণমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, আফগানিস্তান, ভুটান,বাংলাদেশও সার্ক শীর্ষ সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিকাশ স্বরূপ তাঁর টুইটে বলেন, সার্কের সভাপতি দেশ নেপালকে ভারত জানিয়েছে, এ অঞ্চলে আন্তসীমান্ত সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ায় এবং সদস্যদেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে একটি দেশের হস্তক্ষেপ বেড়ে যাওয়ায় এমন এক পরিবেশের সৃষ্টি হয়েছে, যা নভেম্বরে ইসলামাবাদে সার্ক শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য সহায়ক নয়। আঞ্চলিক সহযোগিতা, কানেকটিভিটি ও যোগাযোগের ব্যাপারে ভারত তার অঙ্গীকারের ব্যাপারে অবিচল আছে। ভারত বিশ্বাস করে, শুধু সন্ত্রাসমুক্ত পরিবেশেই এসব এগিয়ে নেওয়া সম্ভব। বিদ্যমান পরিস্থিতিতে ভারতের পক্ষে ইসলামাবাদে প্রস্তাবিত শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া সম্ভব নয়।
বিকাশ আরও বলেন, ‘আমরা বুঝতে পারছি, সার্কের আরও কয়েকটি দেশ সার্ক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের ব্যাপারে ইতিমধ্যে তাদের আপত্তির কথা জানিয়ে দিয়েছে।’

এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির জাকারিয়া টুইট বার্তায় লিখেছেন, সার্ক সম্মেলনে যোগ না দেওয়ার ব্যাপারে ভারতের মুখপাত্রের টুইট তাঁরা দেখেছেন। তবে এ ব্যাপারে ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে কিছুই জানায়নি। ভারতের এই ঘোষণাকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন তিনি। নাসির জাকারিয়া আরও লিখেছেন, ‘পাকিস্তান শান্তি ও আঞ্চলিক সহযোগিতার প্রতি অঙ্গীকারবদ্ধ। আমরা এই অঞ্চলের জনগণের বৃহত্তর স্বার্থে কাজ করে যাব।’
এম এ