গোপালগঞ্জে একটি প্রাইভেটকার খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের নাম পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ।
রোববার (০১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের ছাগলছিড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট নৌপুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবুল বাশার বলেন, প্রাইভেটকারটি বরিশাল থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে ওই এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এক পর্যায়ে খাদে পড়ে প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়।
তিনি আরও জানান, এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আর আহত দুইজনকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়।
পরিদর্শক আবুল বাশার বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে এই বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
এমবি





