বরগুনায় আমড়া চুরিকে কেন্দ্র করে সোহেল (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে মো. শাহজাহান নামে এক ব্যক্তি।
রোববার (৩ জুলাই) বিকেলে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের হরিদ্রাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল একই এলাকার আবদুল মোতালেবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেলের ছোট ভাই শাওন (১০) আমড়া চুরি করেছে বলে অভিযোগ করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মো. শাহজাহান। এ নিয়ে সোহেলের সঙ্গে শাহজাহানের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শাহজাহান ঘর থেকে ধারালো রামদা এনে সোহেলকে কুপিয়ে জখম করেন। এ অবস্থায় স্থানীয়রা সোহেলকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এছাড়া অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারে চেষ্টা চলছে।
ওএফ





