সরকারি ৬ লাখ ৩১ হাজার টাকার অর্থ আত্মসাতের অভিযোগে যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কামাল হোসেন ভূইয়াকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বহিষ্কারাদেশের চিঠি ইউনিয়ন পরিষদে এসে পৌঁছায়।
লক্ষণপুর ইউনিয়ন পরিষদের সচিব আনিসুজ্জামান জানান, লোকাল গভর্ণমেন্ট সাফট প্রজক্টের ১১ লাখ ৫৮ হাজার টাকা বরাদ্দ থেকে চেয়ারম্যান কামাল হোসেন বিভিন্নভাবে ৬ লাখ ৩১ হাজার টাকা আত্মসাৎ করেন।
এ অভিযোগে সংশিষ্ট কর্তৃপক্ষ প্রাথমিক তদন্তে অর্থ আত্মসাতের সত্যতা পায়। ফলে এ শাস্তির নির্দেশ দেয়া হয়। তবে এরইমধ্যে চেয়ারম্যান কামাল হোসেন আত্মসাতকৃত টাকার ৩ লাখ ৮২ হাজার টাকা ফেরত দিয়েছেন বলেও জানান তিনি।
স্থানীয় সাংবাদিকরা এবিষয়ে জানতে চাইলে যশোর জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির বেনাপোল সরবাংহুদা গ্রামে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনকালে বলেন, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে জানান, খুব শিগগিরই এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।
এআর





