খুলনায় ট্রেনে কাটা পড়ে শাহিন খান (২৬) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর দৌলতপুর বাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহত শাহিন স্থানীয় আঞ্জুমান রোডের সাগরের বাড়ির ভাড়াটিয়া মৃত ইউনুস খানের ছেলে। তিনি শ্রবণপ্রতিবন্ধী ছিলেন এবং দৌলতপুর বাজারে কাজ করতেন।

দৌলতপুর থানার এএসআই মেহেদী হাসান জানান, শ্রমিক শাহিন খান রেলক্রসিং পার হওয়ার সময় খুলনা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাওয়া কপোতাক্ষ মেইল ট্রেনে কাটা পড়ে মারা যান। কানে না শোনার কারণে তিনি ট্রেনের সিগন্যাল শুনতে না পাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।

জিআরপি থানার এসআই গোবিন্দ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, দৌলতপুর বাজার রেলক্রসিংটি বছরের পর বছর অরক্ষিত অবস্থায় রয়েছে। যে কারণে প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

এমই