গাজীপুরের হারিনালের একটি বাসায় অভিযান চালানোর পর, 'জঙ্গি আস্তানা' সন্দেহে গাজীপুর সিটি কর্পোরেশনের নুয়াগাঁও পাতারটেক এলাকায় আরেকটি বাড়ি ঘিরে রেখে অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

শনিবার সকাল ১০টার দিকে জনৈক ওসমান আলীর দ্বিতীয়তলা বাড়িতে এ অভিযান শুরু হয়।

দুপুর ১টার দিকেও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ওই বাড়ির ভেতরে থাকা জঙ্গিদের থেমে থেমে গুলি বিনিময় হচ্ছে।

ঘটনাস্থলে গিয়ে দুপুরে সাংবাদিকদের ব্রিফ করেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

তিনি বলেন, নব্য জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডার আকাশ তার সহযোগীদের নিয়ে এই বাড়িতে অবস্থান করছে- এমন খবরে অভিযান পরিচালনা করা হচ্ছে।

গাজীপুরের স্থানীয় পুলিশকে নিয়ে র‌্যাব, সোয়াট ও সিটির সদস্যরা এই অভিযান চালাচ্ছে।

মনিরুল ইসলাম বলেন, বাড়ির ভেতর থেকে জঙ্গিরাও গুলি করছে। আশা করছি খুব শিগগিরই তাদের নিবৃত্ত করতে সক্ষম হবে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।

এর আগে সকালে গাজীপুর ডিবির ইন্সপেক্টর আমির হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

তবে সেখান থেকে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

এদিকে, ভোর থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের হাড়িনাল এলাকায় একটি একতলা বাড়ি ঘিরে রেখে অভিযান চালায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।

এতে দুই 'জঙ্গি' নিহত এবং একে-২২ রাইফেলসহ বিপুল পরিমাণ গুলি উদ্ধারের দাবি করা হয়েছে।

এমবি