রংপুর ও বগুড়ায় দুইটি বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন বাহন দুটির চালক ও সহকারিরা।

রংপুর থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, শনিবার রাত পৌনে ১০টার দিকে নগরীর মেডিক্যাল পুর্বগেট শিমুলবাগ এলাকায় একটি ধান বোঝাই ট্রাকে পেট্রোল বোমা ছুঁড়ে আগুন ধরিয়ে দেয় একদল দুর্বৃত্ত। এ সময় ট্রাক থেকে লাফিয়ে পড়ে আহত হন চালক। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই ট্রাকটির ইঞ্জিনসহ সামনের অংশ পুড়ে যায়।

পুলিশ জানায়, লালমনিরহাট থেকে ধান বোঝাই ট্রাকটি রংপুরের গঙ্গাচড়ায় যাবার পথে নগরীর শিমুলবাগ এলাকা অতিক্রম করার সময় একদল দুবৃর্ত্ত এটি লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় চালক ট্রাক থেকে বের হওয়ার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আটকে যায় এবং এতে আগুন ধরে যায়।

চালক সোলায়মান আলী জানান, ১৫/২০ জনের একদল মুখোশধারী দুর্বৃত্ত চলন্ত ট্রাকটি লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করলে এতে আগুন ধরে যায়।

বগুড়া প্রতিনিধি জানান, শনিবার রাত সোয়া ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে জেলার শাজাহানপুর উপজেলার আড়িয়াবাজার এলাকায় একটি আলুভর্তি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালক ও সহকারি আহত হন।

আহতদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, আলুবোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো- ড ১১-২১১০) বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে উপজেলার আড়িয়াবাজার এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা এতে ইট নিক্ষেপ করে। এতে ট্রাকের চালক ও সহকারি আহত হয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে উল্টে যায়। এ অবস্থায় ট্রাকটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

তাৎক্ষণিকভাবে আহত চালক ও সহকারির নাম জানাতে পারেনি পুলিশ।

ইআর