অপহরণের চার দিন পর অপহৃত স্কুলছাত্র আবু সাঈদের লাশ উদ্ধার করা হয়েছে। সিলেট কোতোয়ালি থানা-পুলিশ নগরীর কুমারপাড়ার ঝর্ণারপাড় এলাকার পুলিশ কনস্টেবলের বাসা থেকে শনিবার রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করে। বস্তাবন্দি অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশের এক কনস্টেবল ও র‌্যাবের সোর্স ও ওলামা লীগে নেতাকে আটক করা হয়েছে।

চার দিন আগে স্কুল থেকে ফেরার পথে ওই শিশু অপহৃত হওয়ার পর পরিবারকে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

নিহত আবু সাঈদ (৯) নগরীর শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র । সে দর্জিবন্দ বসুন্ধরা এলাকার বাসিন্দা মতিন মিয়ার ছেলে।

আটক ব্যক্তিরা হলেন পুলিশের কনস্টেবল এবাদুল, র‌্যাবের সোর্স গেদা মিয়া ও জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক আবদুর রকিব।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, প্রথমে তিনজনকে আটক করলে জিজ্ঞাসাবাদে তারা সাঈদকে অপহরণ ও খুনের কথা স্বীকার করে। পরে তাদের তথ্যের ভিত্তিতে কনস্টেবল এবাদুরের বাসা থেকে সাঈদের লাশ উদ্ধার করা হয়।

সাঈদের হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশের এক কনস্টেবলসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এএইচ