আড়াই ঘন্টার আলোচনায় কোন প্রকার সমঝোতা না হওয়ায় অবশেষে ধর্মঘট অব্যাহত রেখেছে দিনাজপুরের পরিবহণ শ্রমিকরা।
দিনাজপুরে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শ্রমিকদের সংঘর্ষের জেরে বুধবার রাত থেকে শুরু হওয়া পরিবহন ধর্মঘট আজ তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে।
এর ফলে দিনাজপুরের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ।
পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকা এ ধর্মঘটে বাস চলাচল বন্ধ থাকায় ট্রেনের উপর চাপ বেড়েছে। যাত্রীরা জরুরী প্রয়োজনে ট্রেনেই ভ্রমণের চেষ্টা করছে। দিনাজপুর রেলওয়ে স্টেশন মাস্টার নার্গিস প্রামাণিক জানান, বাস বন্ধ থাকায় যাত্রীরা ট্রেনেই ভিড় করছে। এতে তাদের হিমশিম খেতে হচ্ছে।
এদিকে পরিস্থিতি নিরসনে বৃহস্পতিবার বিকালে দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ও জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতৃবৃন্দদের নিয়ে এক সমঝোতা বৈঠকে বসেন।
জেলা প্রশাসনের সভাকক্ষে বৃহস্পতিবার দুপর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এই বৈঠকে কোনো সমঝোতা হয়নি।
বৈঠকে ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণ ও শ্রমিককে মারধরের বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি বলে অভিযোগ করেছে মোটর পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন। তারা ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বৈঠক থেকে বেরিয়ে আসলে আড়াই ঘন্টার ওই বৈঠক ব্যর্থ হয়।
দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রফিক জানান, দুই শ্রমিককে মারধরের বিষয়টি এবং বাসে হামলার ক্ষতিপুরণ না পাওয়া পর্যন্ত পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রফেসর ড. সফিউল আলম জানান, বৈঠকে জেলা প্রশাসক যে প্রস্তাব দিয়েছে, তার সঙ্গে তিনি একমত পোষণ করেন। তদন্তের মাধ্যমেই প্রকৃত দোষীকে চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তিনি জানান, জেলা প্রশাসকের প্রস্তাব অনুযায়ী ছাত্রদের মহসড়কে অবরোধ তুলে নিতে বলা হয়েছে।
বৈঠক শেষে দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম সাংবাদিকদের জানান, ছাত্র-শ্রমিক দ্বন্দ্ব ও বাসে অগ্নিসংযোগের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
তদন্ত কমিটিকে ৩ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হবে। তাদের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তীতে পদক্ষেপ নেয়া হবে বলে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবাহী একটি বাসের সঙ্গে তৃপ্তি পরিবহনের একটি বাসের সাইড দেয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে ছাত্ররা এসে মোটর পরিবহন শ্রমিকদের মারধর করে ও বাস ভাংচুর করে। এ সময় শ্রমিকরাও পাল্টা আক্রমণ করে, এতে দুই শিক্ষার্থী ও তিনি শ্রমিক আহত হয়।
এই ঘটনার পর দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে রাস্তায় বাঁশ ফেলে ও টায়ার জ্বালিয়ে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে। এ সময় কয়েকটি যানবাহন ভাংচুরসহ দুটি বাসে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্ররা।
এই ঘটনার পর থেকেই দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ও দিনাজপুর সড়ক পরিবহন মালিক গ্রুপের ডাকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। অন্যদিকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্যাম্পাসের সামনে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে রেখেছে।
জেড





