কুষ্টিয়ার মিরপুরে এক জামাই তার প্রতিবন্ধী শ্বশুরকে পিটিয়ে হত্যা করেছে।
রোববার সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ভারল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম দুলাল (৫৫)। পুলিশ ও নিহতের মেয়ে রুপালী খাতুন জানান, তার স্বামী নাসির উদ্দিন (২৩) তাকে বিয়ের পর গোপনে তালাক প্রদান করেন। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে।
এ ঘটনায় বেশ কিছুদিন ধরে রুপালী তার একমাত্র মেয়ে মাহফুজাকে (৩) নিয়ে পিতার বাড়ীতে থাকেন।
রোববার সকালে নাসির তার মেয়েকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে সে রুপালীর উপর হামলা চালায়।
এসময় হামলা থেকে বাঁচাতে আসলে সে তার প্রতিবন্ধী শ্বশুরকে পিটিয়ে মারাত্মক আহত করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর থেকে ঘাতক জামাই নাসির পলাতক রয়েছে।
এসএইচ





