চট্টগ্রাম নগরীর বায়েজীদ আরেফিননগরে বস্তিতে আগুন লেগে আব্দুল আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক জসিম উদ্দিন জানান, আগুনের খবর পেয়ে দুটি ইউনিটের চারটি গাড়ি প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সোয়া ৫টার দিকে নিয়ন্ত্রণে আনে। আগুনে আব্দুল আলী নামে চলতে অক্ষম এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এতে বস্তির ৩০টি ঘর পুড়ে তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
নিহত আব্দুল আলীর ছেলে আব্দুল রশীদ (২৫) বলেন, এক বছর আগে বরিশাল থেকে বাবা ও বোনকে নিয়ে এসে ওই বস্তির ঘরে থাকতাম। বৃহস্পতিবার বাসায় ফিরতে একটু রাত হওয়ায় আমি ঘুমিয়ে ছিলাম। যখন জেগে উঠি তখন ছুটে বের হয়ে আসি। পরে দেখি সব শেষ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজীদ থানার অফিসার ইন চার্জ (ওসি) বাবুল চন্দ্র বণিক জানান, ভোররাত সোয়া ৩টার দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসসহ এলাকার লোকজন কাজ করেন। আগুনে ওই বস্তিতে থাকা বরিশালের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। থানার উপ-পরিদর্শক মো. আলমগীর এখনও ঘটনাস্থলে আছেন।
কেএইচ





