রাজশাহী মহানগরীর কাজিহাটা এলাকায় অবস্থিত শিমুল মেমোরিয়াল স্কুলের এক নারী শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে এ অভিযোগ ওঠে। ওই শিক্ষার্থীর নাম রামিম হাসান ফরহান (৯)। সে ওই স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। তার বাবার নাম ফরহাদ মাহমুদ হাসান।
স্কুলের এক শিক্ষক তার হাতে থাকা স্কেল দিয়ে শিশুটির মাথায় আঘাত করেছেন বলে অভিভাবকের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এতে তার মাথায় জখম হয়েছে। আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে ওই শিক্ষার্থীর অভিভাবকসহ স্থানীয়রা স্কুলে গিয়ে ওই শিক্ষকের ওপর চড়াও হন। এ সময় সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। পরে উভয়পক্ষ বিষয়টি নিয়ে সমঝোতায় বসে। এক পর্যায়ে ওই শিক্ষিকা শিশুটির অভিভাবকের কাছে ক্ষমা চাইলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে শিক্ষকদের পক্ষ থেকে দাবি করা হয়, ঘটনাটি ঘটে সোমবার (২১ মার্চ) দুপুরে। ওইদিন রামিম হাসান ক্লাসের মধ্যে দুষ্টুমি করেছিলো। তাকে নিষেধ করার পরও সে দুষ্টুমি করলে শিক্ষকের হাতে থাকা স্টিলের স্কেল দিয়ে আঘাত করলে মাথায় সামান্য জখমের সৃষ্টি হয়।
এসটি





