সাভারে যুবলীগের এক কেন্দ্রীয় নেতার বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বত্তরা। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্কিত হয়ে পড়েছেন ওই নেতার পরিবারের স্বজনরা।
রোববার দিনগত গভীর রাতে সাভার পৌর এলাকার পশ্চিম ব্যাংক কলোনির যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিনের বাসায় এ ঘটনা ঘটে।
এদিকে, ঘটনার জন্য দলের একাংশকে দায়ী করেছেন তুহিনের বাবা, সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল গণি।
তিনি বলেন, দলীয় বিষয় নিয়ে কোন্দলের জের ধরেই তার ছেলেকে হত্যার চেষ্টা করছে সন্ত্রাসীরা।
ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ জানায়, রোববার রাত দেড়টার দিকে চারতলা বাড়িটি লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা।
এ সময় বাড়িতে ওই যুবলীগ নেতা ও তার বাবা ছাড়া পরিবারের অন্য সদস্যরা অবস্থান করছিলেন।
এ বিষয়ে জানার জন্য যোগাযোগের চেষ্টা করলে ফারুক হাসান তুহিনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
তুহিনের বাবা সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল গণি জানান, বেশ কয়েকদিন ধরেই ছেলের ওপর নজরদারি চালিয়ে আসছিল দুর্বত্তরা। রাজধানীর উত্তরায় তুহিনের অবস্থানে দুর্বত্তরা হামলা চালাবে বিষয়টি আমরা রোববারই জানতে পারি। খবর পেয়ে আমি উত্তরা চলে যাই। সেখানে কিছু না হলেও ফেরার পথে শুনতে পাই, আমাদের বাড়িতে কে বা কারা গুলি করেছে।
কারা, কেন আপনার ছেলেকে গুলি করতে চায় প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংগঠনিক কাজে ক্ষিপ্ত হয়ে একটি মহল বেশ কিছুদিন ধরে ছেলেকে হুমকি দিয়ে আসছিল।
তবে সাভারে রাজনীতির পট পরিবর্তনের পর ছেলের ওপর হুমকি বেড়ে গেছে বলেও জানান আব্দুল গণি।
এ ব্যাপারে দলীয় কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কেবল সকাল হয়েছে। খবর শুনে নেতাকর্মীরা বাড়ি আসছেন।
খবর পেয়ে সাভার মডেল থানার দুই উপ-পরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, তদন্ত চলছে। যুবলীগ নেতার সঙ্গে কার শক্রতা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





