বগুড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৬ জন জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ ।

হরতালে নাশকতা এবং ভাঙচুরের অভিযোগে বুধবার রাতে তাদেরকে আটক করা হয়।

বৃহস্পতিবার ভোর থেকেই শহরের প্রতিটি মোড়ে মোড়ে পুলিশের ব্যাপক তৎপরতার কারণে হরতালের দ্বিতীয় দিনে শহরের কোথাও মিছিল পিকেটিং করতে পারছেনা জামায়াত-শিবির নেতা কর্মীরা।

তবে শহরের বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

জানা যায়, প্রতিটি হরতালের মতো জামায়াত-শিবির কর্মীরা আজও সকাল থেকেই মাঠে নামার চেষ্টা চালায়। শেরপুর রোড, খান্দার রোড বড়গোলা, তিনমাথা, নামাজ গড়সহ প্রতিটি এলাকাতেই অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হলে নেতাকর্মীরা একত্রিত হওয়ার সুযোগ পাচ্ছেন না।

এমতাবস্থায় জামায়াত-শিবির কর্মীরা শহরের বাইরে সাবগ্রাম এবং চারমাথায় দুটি বিক্ষোভ মিছিল করেছে। সকাল ৭টায় চারমাথায় মিছিল বের করলে পুলিশ দ্রুত সেখানে উপস্থিত হয়। এরপর মিছিলকারীরা পালিয়ে যায়। পরে তারা সাবগ্রামে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুড়ি ফেলে দ্বিতীয় বাইপাস সড়ক অবরোধ করে।

বগুড়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার (বি-সার্কেল) ও জেলা পুলিশের মিডিয়য়া সেলের প্রধান উজ্জল কুমার রায় জানান, হরতালে নাশকতা এবং ভাংচুরের অভিযোগে বুধবার রাতে জামায়াত-শিবিরের ১৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

কেএইচ