রংপুরে অবস্থানরত বিভিন্ন দেশের বিদেশি নাগরিকদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং বিশেষ গোয়েন্দা নজরদারীতে রাখা হয়েছে তাদের। এমন তথ্য নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশ ।

পুলিশ সুত্রে জানা গেছে, রংপুর মহানগরীতে অবস্থানরত বিদেশি নাগরিকের সংখ্যা ২৭৯ জন। এর মধ্যে ৪ জন জাপানি নাগরিকও আছেন।

তবে রংপুরের আইন শৃংঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় জাপানি নাগরিকদের জরুরি ঢাকা দূতাবাস তলব করে। পরে বাকি চার জন ঢাকায় ফিরে যান। তারা সবাই জাইকা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়াও ৫ টি দেশের প্রায় ৩'শ জন শিক্ষার্থী রংপুরের বিভিন্ন মেডিক্যাল কলেজে পড়াশোনা করছেন। তাদের মধ্যে- রংপুর মেডিক্যাল কলেজে ২৩ জন, ডেন্টাল কলেজে ৬৫ জন, কমিউনিটি মেডিক্যাল কলেজে ৯৬ জন, প্রাইম মেডিক্যাল কলেজে ৮০ জন ও নর্দান মেডিক্যাল কলেজে ১৫ জন শিক্ষার্থী পড়ালেখা করছেন।

এরা সবাই ভারত, নেপাল, মালদ্বীপ, কাশ্মির ও আসামের নাগরিক। ডিএসবি'র অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্যা আল শরীফ এসব তথ্য নিশ্চিত করে বলেন, শুধু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নয়, বিভিন্ন দেশের আগত তবলীগ জামাত ও রংপুরে অবস্থানরত বিদেশি খেলোয়াড়দের এই বিশেষ নিরাপত্তার আওতায় রাখা হয়েছে।

তিনি আরো জানান, বিদেশি নাগরিকদের বিশেষ গোয়েন্দা নজরদারীতে রাখা হয়েছে, পুলিশ সব সময় তাদের কাছাকাছি থেকে সিভিলে নিরাপত্তা দিচ্ছে।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারিতে দূর্বৃত্তের হাতে প্রকাশ্যে গুলিবৃদ্ধ হয়ে মারা যান জাপানি নাগরিক হোসি কুনিও।

এ ঘটনার পর থেকে কূটনীতিক চাপে আছেন সরকার। আর তাই রংপুরের আইন শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ নজরদারীতে রাখা হয়েছে বিদেশি নাগরিকদের।

এসএইচ