আইএসের নামে গাজীপুরের একটি মসজিদের দানবাক্সে এভাবেই চিঠি লিখে হুমকি দেয়া হয়েছে।
চিঠিতে জেলা ছাত্রলীগের সভাপতি এবং আজিম উদ্দিন কলেজ ছাত্রলীগের এক নেতাকেও হত্যার হুমকি দেয়া হয়েছে।
এ ঘটনায় শুক্রবার রাতে জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদ জানান, শুক্রবার জেলা শহরের উত্তর ছায়াবিথী এলাকায় বায়তুন নূর জামে মসজিদে জুমার নামাজ পড়ে ফিরছিলেন।
পরে মসজিদের ইমাম মাওলানা আব্দুল লতিফ মোল্লা তাকে ডেকে আইএস-এর হুমকি সংক্রান্ত একটি চিঠি দেখান বলে তিনি জানান।
এই চিঠি তিনি কীভাবে পেলেন জিজ্ঞাসা করলে ইমাম জানান, মসজিদের দানবাক্স খোলার পর তিনি এটি দেখতে পান।
ওই চিঠিতে আইএস গাজীপুর জেলা শহরের কাজী আজিম উদ্দিন কলেজে প্রথম হামলা চালানোর কথা লেখা আছে।
এছাড়া জেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদ ও কাজী আজিম উদ্দিন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান নাহিদকে হত্যারও হুমকি দেয়া হয়েছে।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, একটি সাদা কাগজে হাতে লেখা হুমকি দেয়া সংক্রান্ত একটি চিঠি পাওয়া গেছে। পুলিশ ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছে।
এমবি





