রাজশাহীর বাঘমারা উপজেলায় চকপাড়া আহমেদিয়া জামে মসজিদে বোমা বিস্ফোরণে হামলাকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০জন। 

শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে এই বোমা হামলার ঘটনা ঘটে।

বোমা হামলায় গুরুতর আহত হন মৃত ভলয় তালুকদারের ছেলে ময়েজ উদ্দিন (৪০) ও বলয় তালুকদারের ছেলে সাহেব আলী (৩৬), মুকুল হোসেনের ছেলে নয়ন (১২)। নয়নকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হেয়েছে। বাকীদের বাগমারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

রামেক হাসপাতালে চিকিৎসাধীন তিনজনই বর্তমানে আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

সান্টু জানান, চকপাড়া আহমেদিয়া জামে মসজিদে সাধারণত দুই থেকে তিন কাতার মুসল্লি জুমার নামাজ আদায় করেন। দুপুর দেড়টায় জামাত শুরুর কথা থাকলেও খুতবা শেষ হওয়ায় ১টা ২৫ মিনিটে নামাজ শুরু হয়। দ্বিতীয় রাকাতে যাওয়ার সময় ওই বোমা হামলাকারী তার কোমড় থেকে কিছু একটা বের করছে এমন বুঝতে পেরে নড়ে ওঠেন ময়েজ। এতে হামলাকারীর শরীরেই বোমা বিস্ফোরিত হয়।

 বোমা বিস্ফোরণের সঙ্গে সঙ্গে হামলাকারী পালানোর চেষ্টা করলে আহত সাহেব আলী তাকে ধরে ফেলেন। এর কিছুক্ষণ পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) মো. মেজবাহ উদ্দিন চৌধুরী ও পুলিশ সুপার (এসপি) নিশারুল আরিফ।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, বর্তমানে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ এবং আশেপাশের এলাকায় অভিযান চালানো হচ্ছে।

মতিয়ার রহমান আরো জানান, নিহত হামলাকারীর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে, পাশাপাশি ক‍ারা এই হামলার সঙ্গে জড়িত তা বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ। রাতেই তার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হবে। 

এমকে/এমএম