নিখোঁজ হওয়ার ৩দিন পর গাজীপুরে একটি ভবনের লিফটের নিচ থেকে আব্দুল হালিম কাজী (৪৫) নামে এক ঝুট ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ এপ্রিল) বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের গাজীপুরা এলাকায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল হালিম বগুড়ার শিবগঞ্জ উপজেলার চাপাচিল এলাকার মিমির আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, টঙ্গীর গাজীপুরা এলাকায় পরিবারসহ বাসা ভাড়া করে থাকতেন আব্দুল হালিম। তিনি ঝুটের ব্যবসা করতেন। গত বুধবার (৭ এপ্রিল) সকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি।
জানা গেছে, শনিবার দুপুরে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে ওই ভবনের লিফটের নিচ থেকে আব্দুল হালিমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল।
টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো: কায়সার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটা হত্যা, না দুর্ঘটনা এখনও তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





