চলতি বছরের আগস্টে অপহৃত ব্যবসায়ী ও বিএনপি নেতা সৈয়দ সাদাত আহমেদকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার রাত ১০টার দিকে রামপুরা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাদাত এবিএন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য।

ডিবি দক্ষিণের সহকারী কমিশনার (এসি) শামসুল আরেফিন জানান, ২০১৫ সালের রমনা থানায় নাশকতার (জ্বালাও-পোড়াও) একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তার নামে অপহরণের মামলা রয়েছে। তিনি নিজেই পলাতক ছিলেন কি-না বিষয়টি জানার চেষ্টা চলছে।

এর আগে চলতি বছরের ২২ আগস্ট বিকেলে বনানী ওভারপাসের নিচে নিজ গাড়ি থেকে নামিয়ে একটি মাইক্রোবাসে তুলে নেয়া হয় সাদাতকে।

গাড়িতে থাকা সাদাতের ছেলেকে অপহরণকারীরা জানায়, সাদাত ১৫ মিনিট পর ফিরে আসবেন। পরে তাকে না পেয়ে থানায় একটি অপহরণ মামলা করেন তার স্ত্রী।

সাদাত আহমেদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং চট্টগ্রাম দক্ষিণ বিএনপির সহসভাপতি। তিনি রাউজান থেকে আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে এর আগে তাঁর স্বজনেরা জানান। চার মাস পর শনিবার তাঁকে গ্রেপ্তার দেখাল ডিবি।

ডিবি দক্ষিণের উপকমিশনার মো. শহিদুল্লাহ বলেন, শনিবার রাত সাড়ে নয়টার দিকে রামপুরা সেতুর পাশে একটি ব্যাগসহ সাদাতকে পাওয়া যায়। তাঁর সঙ্গে ল্যাপটপ ও তিনটা মোবাইল ফোনসহ অনেকগুলো ব্যাংকের চেক ছিল। পাশাপাশি কিছু নথিও ছিল। ২০১৫ সালের ৮ জানুয়ারি রমনা থানায় দায়ের হওয়া গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের একটি মামলায় সন্দেহভাজন হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জেড