ব্লগ-টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বা কোনো এলাকায় জঙ্গি তৎপরতার কথা জানা থাকলে তা জানাতে বলেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ।
সোমবার দুপুরে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজে মুসল্লিদের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
পরিবারের কোনো সন্তান নিখোঁজ হয়ে থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য পরামর্শ দিয়েছেন তিনি।
গুলশানের রেস্তোরাঁয় হামলার ঘটনাটির কথা বিবেচনায় রেখে ঈদগাহে মুসল্লিদের নিরাপত্তাব্যবস্থা করা হয়েছে উল্লেখ করে বেনজির বলেন, আরো যেসব বিষয়ে বেশি নজর রাখা দরকার সেসব বিষয়কে মাথায় রেখে আমরা এবারের নিরাপত্তাব্যবস্থা সাজিয়েছি।
র্যাব মহাপরিচালক বলেন, গুলশানে হামলায় যেসব জঙ্গি মারা গেছেন, তারা উচ্চবিত্ত পরিবারের সন্তান। তাদের মধ্যে একজন বাসা থেকে পাসপোর্ট নিয়ে গেছেন, কিন্তু মুঠোফোন ও ব্যক্তিগত জিনিসপত্র রেখে গেছেন। আমরা ঘটনাগুলো পর্যবেক্ষণ করে দেখেছি, নিখোঁজের পর আর তারা পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেননি।
মুসল্লিরা নির্ভয়ে নামাজ আদায় করতে আসবেন এবং নিরাপত্তাব্যবস্থাকে তারা বাড়াবাড়ি হিসেবে দেখবেন না বলে আশা প্রকাশ করেন তিনি।
এমই





