সারাদেশের মসজিদের ইমামদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিরীহ মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না। কাউকে হত্যা করার মাধ্যমে কারো বিচারের অধিকার ইসলাম কাউকে দেয়নি। বিচার করবেন রাব্বুল আল আমিন। জুমার খুতবায় (খুতবার আগে দেয়া বক্তব্যে) আপনারা জঙ্গিবাদের বিরুদ্ধে প্রচার করবেন। আমরা শান্তি চাই। দেশে শান্তি থাকলে অবশ্যই উন্নয়ন হবে।
বৃহস্পতিবার রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে নতুন বিরতিহীন ‘বনলতা এক্সপ্রস’ ট্রেনের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সেরে মাধ্যমে ট্রেনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরুতে রেলের ওপর সংক্ষিপ্ত তথ্য উপস্থাপন করেন রেল মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জল হোসেন। রাজশাহী প্রান্তে বক্তব্য দেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, রাজশাহীর মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন।
প্রথানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ, শুধু বাংলাদেশে নয়, সারাবিশ্বে তারা তাদের জঘন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কয়েকদিন আগে নিউজিল্যান্ডে মসজিদে প্রবেশ করে তারা মুসলমানদের হত্যা করেছে। শ্রীলঙ্কায় বোমা হামলায় কত মানুষের প্রাণ গেল। নিষ্পাপ শিশুরাও তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। আমাদের শিশু জায়ান চৌধুরীও রক্ষা পায়নি জঙ্গিদের হাত থেকে।
জায়ানের জন্য আগামী শুক্রবার প্রত্যেক মসজিদে দোয়া করার জন্য বলেছেন প্রধানমন্ত্রী।





