যশোরের অভয়নগর উপজেলায় খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় উল্টে পড়েছে ট্রাক। এঘটনায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এঘটনায় হতাহতের এখনও কোনো খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বেঙ্গল টেক্সটাইল মিল এলাকার রেললাইনের ক্রসিং পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি ট্রাক বেঙ্গল টেক্সটাইল মিল এলাকার গেট এলাকা পার হচ্ছিল। এ সময় খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি রেলক্রসিং পার হওয়া ট্রাকটিতে ধাক্কা দেয়। এতে রেললাইনের ওপর উল্টে গিয়ে ট্রাকটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।





