চাঁদপুরে জামায়াতের ডাকা হরতাল চলাকালে রাস্তায় টায়ারে অগ্নিসংযোগ করেছে পিকেটাররা। সকালে নাশকতার আশঙ্কায় জেলার হাজীগঞ্জ ও মতলব উপজেলা থেকে দুই শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।

সকাল ৭টায় শহরের ইলিশ চত্বর ও জেএম সেন গুপ্তরোড এলাকায় পিকেটাররা রাস্তায় টায়ার জ্বালিয়ে সটকে পড়ে। সকাল থেকে রাজপথে জামায়াত-শিবিরের কোনো নেতাকর্মীকে অবস্থান নিতে বা মিছিল করতে দেখা যায়নি।

লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকান-পাট খুলতে শুরু করেছে। এছাড়া কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, নাশকতা এড়াতে পুরো জেলায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

কেএইচ