ময়মনসিংহ জেলার ভালুকা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে অবৈধভাবে কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ পুনরায় অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সম্প্রতি কমিশন পুনরায় অনুসন্ধানের এ সিদ্ধান্ত নিয়েছে। কমিশন থেকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালককে দ্রুত পুনঃঅনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। দুদক সূত্র এ সব তথ্য নিশ্চিত করেছে।
দুদক সূত্র জানায়, ভালুকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
নামে-বেনামে ও বিভিন্ন কৌশলে মো. মনিরুজ্জামান অঢেল সম্পত্তির পাহাড় গড়েছেন।
২০১৪ সালে এ অভিযোগ অনুসন্ধান শুরু করে কমিশন। অনুসন্ধান শেষে দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা চলতি বছরের ২০ এপ্রিল কমিশনে অভিযোগ নথিভুক্তির সুপারিশ করেন অর্থাৎ অভিযোগ ভিত্তিহীন মর্মে কমিশনে প্রতিবেদন দাখিল করেন।
সূত্র আরও জানায়, দুদকের অনুসন্ধানে দেখা গেছে, ওসি মনিরুজ্জামানকে বিভিন্ন ব্যক্তি হেবা মূলে জমি দান করেছেন।
তবে অনুসন্ধানে 'যে সকল ব্যক্তি মনিরুজ্জামানকে হেবা মূলে জমি দান করেছেন তাদের জমি দান করার সামর্থ্য ছিল কি না' এবং 'হেবা প্রদানকারী ব্যক্তিরা তাদের নিজ ছেলে/মেয়েকে কতটুকু সম্পত্তি হেবা করে দিয়েছেন?'এ সব তথ্য না থাকায় কমিশন প্রতিবেদন গ্রহণ না করে পুনরায় এ সব বিষয়ে পূর্ণাঙ্গ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে।
এমকে





