কুষ্টিয়ায় ২০ শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত না হওয়ায় শতাধিক শিক্ষকের মানবেতর জীবন

সকল যোগ্যতা থাকার পরও কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দীর্ঘদিন ধরে ২০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হওয়ায় শতাধিক শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের পরিবার পরিজন মানবেতর জীবন যাপন করছেন।

নবাব সিরাজউদ্দোলা কলেজ,হাজী নুরুল ইসলাম কলেজ, কেএম আইডিয়াল কলেজ,আসান নগর আনঝুচর সিদ্দিকীয়া দাখিল মাদরাসা, এসএনএকে দাখিল মাদরাসা, নওদা খাড়ারা দারুল সুন্নত দাখিল মাদরাসা, চিথলিয়া দাখিল মাদরাসা, কেএসএস নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ভারল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, এমএম নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কুর্ষা এমপিআই নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নওপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মিরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যা নিকেতন, হালসা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আটিগ্রাম নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মিরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, জিএসএস মাধ্যমিক বিদ্যালয়, আবুরী মাধ্যমিক বিদ্যালয়, এসিকে মাধ্যমিক বিদ্যালয় ও এল কেবি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।

শিক্ষকগণ বলছেন, ‘সামাজিক দায়বদ্ধতার কারণেই শিক্ষকতার মতো মহান পেশায় যোগ দিয়েছি’। কিন্তু এ পেশায় এসে দীর্ঘদিন ধরে বেতন-ভাতা ছাড়া চাকরি করতে হবে এটা ভাবিনি’।

রোকন উদ্দিন বলেন, পরিবার নিয়ে খেয়ে না খেয়ে সংসার চালাচ্ছি। সন্তানদের ঠিকমত লেখা-পড়ার খরচ দিতে পারছি না। এভাবে আর কত বছর চলবে? আরেক শিক্ষক বলেন,চাকরি করি, এ কথা এখন লজ্জায় কাউকে বলতেই পারি না। এমপিওভুক্ত না হওয়ায় বছরের পর বছর ধরে বিনা বেতনে চাকরি করছি। মাস শেষে খালি হাতে বাড়ি ফিরছি।

বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব অধ্যক্ষ সেলিম ভুইয়া বলেন, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করণ না হওয়ায় বেসরকারী শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছে। অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসরকালীন ভাতা তুলতে হতে হচ্ছে বঞ্চনার শিকার।

এমএ