রাজধানীর যাত্রাবাড়ি-গুলিস্তান ফ্লাইওভারের (মেয়র হানিফ ফ্লাইওভার) উপর বেপরোয়া মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ইকবল (২০) ও শামিম (২০) নামে দুই যুবক।
আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের দু’জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন ইকবলের ফুফাতো ভাই ফারুক।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ি অংশে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে ওই দুই যুবক ধোলাইপাড় থেকে গুলিস্তান অভিমুখী ফ্লাইওভারে উঠেন।
ফ্লাইওভারের মোড় থেকে টার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি পাশের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে চালক ও যাত্রী দু’জনেই ছিটকে মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান।
এ সময় সেখানে থাকা দুই আনসার সদস্য ও কয়েকজন পথচারী তাদের উদ্ধার করে একটি মাইক্রোবাসে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
আহত ইকবলের ফুফাত ভাই ফারুক জানান, ডাক্তার জানিয়েছেন ইকবেলের মাথায় বড় ধরণের আঘাত লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক। আর শামিম ডান চোখ ও বুকে বেশ আঘাত পেয়েছেন। তবে তার অবস্থাও আশঙ্কামুক্ত নয়।
ফারুক জানান, ইকবল ও শামিম দুজনেই বংশালে পাশাপাশি দু’টি মোটরসাইকেলের গ্যারেজে কাজ করেন। তাদের গ্যারেজ দু’টি বংশাল বাংলাদেশ মাঠের পাশে অবস্থিত। তবে গ্যারেজ দু’টির নাম জানাতে পারেননি ফারুক।
ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





