যশোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফেরদৌস হোসেন (৫০) খুন হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে শহরের লোহাপট্টি এলাকায় বাকবিতণ্ডার এক পর্যায়ে ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। নিহত ফেরদৌস হোসেন শহরতলী বিরামপুর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে শহরের লোহাপট্টি এলাকায় ফেরদৌস হোসেনের সঙ্গে ফারুক নামে এক ব্যক্তির বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ফারুক তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফেরদৌসকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওহিদুজ্জামান আজাদ জানান, নিহতের ফেরদৌসের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু জানিয়েছেন, ফেরদৌস হোসেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন জানান, প্রতিপক্ষের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে।
এমই





