কেন্দ্রীয় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর উপস্থিতিতে পটুয়াখালীতে বিএনপির এক গ্রুপের কর্মী সভায় দু’পক্ষের হাতাহাতিতে অন্ততঃ ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এসময় চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে বলেও প্রত্যক্ষদর্শীরা জানায়।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় পটুয়াখালী শহরের শেরেবাংলা পাঠাগার কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান খানকে মঞ্চে বসতে না দেওয়া এবং তার হাত থেকে ফুল না নেওয়াকে কেন্দ্র করে জেলা বিএনপির সহ-সভাপতি মাকসুদ আহমেদ বায়েজিদ পান্নার সমর্থকদের মধ্যে এ হাতাহাতির ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
প্রসঙ্গত, জেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নিরসন এবং সরকার পতনের আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
এরপর বিকেলে পটুয়াখালী প্রেসক্লাবের নতুন ভবনের ড. আত্হার উদ্দিন মিলনায়তনে বিএনপির অপর গ্রুপের কর্মী সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানেও প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকবেন।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





