তুচ্ছ ঘটনা নিয়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার খিদমাটিয়া গ্রামে হাসিনা খাতুন (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২৫ মে) দুপুরে পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। এর আগে মঙ্গলবার (২৪ মে) দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
নিহত হাসিনা খাতুনের ভাই আমিনুল জানান, তার দুলাভাই মালয়েশিয়া প্রবাসী ইমদাদুল হকের সঙ্গে বোন হাসিনা খাতুনের টিভি দেখা নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে ইমদাদুল হাসিনাকে বেদম মারধর করেন। এ ঘটনার পর রাতের কোনো এক সময় হাসিনার মৃত্যু হয়।
ভোরে ইমদাদুল ও তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে যান। ইমদাদুল ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। দুই মাস আগে ইমদাদুল মালয়েশিয়া থেকে দেশে আসেন।
বুধবার (২৫ মে) সকালে প্রতিবেশীরা তাদের বাড়িতে কাউকে দেখতে না পেয়ে ঘরে ঢুকলে হাসিনার মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত হাসিনার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
ওএফ





